গুগল এআই সার্চে ব্যবসা দেখাবেন কিভাবে: AI Overview আর AI Mode

গুগল এআই সার্চ (Google AI search) মানে Google-এ কিছু জিজ্ঞেস করলে উপরে যে AI-এর লেখা উত্তরটা আসে (AI Overview), আর যে আলাদা AI Mode-এ লোকে লম্বা প্রশ্ন করে গল্প করার মতো উত্তর পান। সবচেয়ে জরুরি কথাটা আগেই বলে দিই: Google নিজে জানিয়েছে, এই AI উত্তরে আপনার ওয়েবসাইট আসার জন্য কোনো গোপন কায়দা বা আলাদা শর্ত নেই — যে সাইট সাধারণ সার্চে ভালো, সেটাই AI-এর উত্তরে লিংক হিসেবে আসার চান্স পায়।
তাহলে আপনার কী করার আছে? কোন কাজগুলো সত্যিই কাজে আসে, আর কোন গুজবে পয়সা নষ্ট — সেটাই এই লেখায়।
কাস্টমার এখন কিভাবে খুঁজছেন
আগে লোকে Google-এ দু-তিনটে শব্দ লিখতেন: "ডেন্টিস্ট কলকাতা"। এখন অনেকে পুরো প্রশ্নটাই লেখেন, বা মুখে বলে খোঁজেন:
- "বেহালায় রবিবার খোলা থাকে এমন ডেন্টিস্ট কোথায়?"
- "হাওড়ায় বাড়িতে এসে এসি সার্ভিস করে কে?"
- "ছোট রেস্টুরেন্টের জন্য ওয়েবসাইট লাগে কি?"
এই ধরনের প্রশ্নে Google অনেক সময় সবার উপরে একটা সারাংশ দেখায়, সঙ্গে কয়েকটা ওয়েবসাইটের লিংক। লিংকগুলো সেই সাইটগুলোর, যাদের লেখা থেকে উত্তরটা বানানো হয়েছে।
আপনার টার্গেট সোজা: ওই লিংকগুলোর মধ্যে আপনার সাইট থাকা, আর কেউ লিংকে টিপলে উনি যেন সহজে আপনাকে ফোন বা মেসেজ করতে পারেন।
গুগল এআই সার্চ কিভাবে কাজ করে — সোজা কথায়
Google-এর AI ফিচার নিয়ে নিজের ডকুমেন্টেশন থেকে মেন কথাগুলো সহজ করে বলছি।
AI Overview
- কোনো জটিল প্রশ্নের মূল কথাটা তাড়াতাড়ি বোঝাতে Google উপরে একটা সারাংশ দেখায়।
- সারাংশের সঙ্গে কাজের ওয়েবসাইটের লিংক থাকে, যাতে লোকে বাকিটা পড়তে পারেন।
- সব সার্চে এটা আসে না। Google যেখানে মনে করে সাধারণ রেজাল্টের থেকে বেশি কিছু দিতে পারবে, শুধু সেখানেই দেখায়।
AI Mode
- যেখানে তুলনা, যুক্তি বা একসঙ্গে অনেক প্রশ্ন লাগে, সেখানে লোকে AI Mode ব্যবহার করেন।
- একটা প্রশ্নের পিছনে Google নিজেই অনেকগুলো ছোট ছোট সার্চ চালায় (Google এটাকে "query fan-out" বলে), তারপর সব মিলিয়ে উত্তর বানায়।
- উত্তরের সঙ্গে সাধারণ সার্চের চেয়েও বেশি আর নানা রকমের সাইটের লিংক দেখাতে পারে।
আপনার জন্য এর মানে কী
যে পেজ Google-এ ইনডেক্সই হয়নি, বা সাধারণ সার্চে দেখানোর মতো নয়, সেটা AI-এর উত্তরেও আসবে না। মানে ভিতটা একই — আগে সাধারণ সার্চের জন্য সাইটটা ঠিক করুন।
Google যা বলছে বনাম বাজারে যা শোনা যাচ্ছে
AI নিয়ে এখন নানা রকম "সিক্রেট টেকনিক" সেল হচ্ছে। Google-এর নিজের কথার সঙ্গে মিলিয়ে দেখুন:
| বাজারের কথা | Google-এর নিজের কথা |
|---|---|
| "AI-এর জন্য আলাদা SEO লাগে" | AI ফিচারের জন্য বাড়তি শর্ত বা স্পেশাল কিছু লাগে না; সাধারণ SEO-ই যথেষ্ট |
| "llms.txt বা AI ফাইল না দিলে AI আপনাকে দেখবে না" | নতুন কোনো ফাইল বা AI টেক্সট ফাইল লাগে না |
| "স্পেশাল স্কিমা দিলেই AI-এ চলে আসবেন" | কোনো বিশেষ স্কিমা লাগে না; তবে যা দেবেন, তা যেন পেজের লেখার সঙ্গে মেলে |
| "AI-এর জন্য কিওয়ার্ড ঠুসে লিখুন" | মানুষের জন্য লেখা, কাজের আর ভরসা করার মতো কনটেন্টই Google-এর মেন সাজেশন |
ডেভেলপার হিসেবে আমার কথা: ইদানীং অনেকে আমাকে জিজ্ঞেস করছেন, "AI SEO প্যাকেজ" নেওয়া উচিত কিনা। আমার কথা হল — যে কাজটা আপনার সাইটকে সত্যিই তাড়াতাড়ি খোলা, পরিষ্কার আর ভরসার করে, সেটাই করুন। নতুন নাম দিয়ে পুরনো জিনিস বিক্রি হলে সেটা চিনে নেওয়াটা জরুরি।
AI-এর উত্তরে জায়গা পাওয়ার ভিত: ৮টা কাজ
Google যে মেন SEO কাজগুলো AI-এর জন্যও খাটে বলে জানিয়েছে, সেগুলো ব্যবসার ভাষায় সাজালে এরকম দাঁড়ায়:
১. Google যেন সাইটটা পড়তে পারে
সাইটের robots.txt বা হোস্টিং-এর কোনো সেটিং যেন Google-কে আটকে না রাখে। অনেক সময় নতুন সাইট বানানোর পর "সার্চ ইঞ্জিনে দেখাবেন না" অপশনটা চালু থেকে যায় — একবার চেক করে নিন।
২. জরুরি ইনফো লেখায় রাখুন, শুধু ছবিতে নয়
অনেক সাইটে কখন খোলা, কী কী সার্ভিস — এসব একটা পোস্টারের ছবির মধ্যে লেখা থাকে। মানুষ পড়তে পারলেও Google আর AI-এর পক্ষে সেটা বোঝা কঠিন। দরকারি সব কথা সাধারণ লেখা হিসেবে রাখুন।
৩. প্রশ্নের সোজা উত্তর দিন
কাস্টমার রোজ যে প্রশ্নগুলো করেন, সাইটে তার সোজাসাপ্টা উত্তর লিখুন — প্রথম লাইনেই আসল কথা, তারপর বাকিটা। AI যখন কোনো প্রশ্নের উত্তর খোঁজে, পরিষ্কার উত্তর থাকা পেজ কাজে লাগানো সহজ।
৪. নিজের অভিজ্ঞতা দেখান
ইন্টারনেটে একই কথা হাজার জায়গায় লেখা। আপনার সাইটকে আলাদা করবে আপনার নিজের অভিজ্ঞতা — "বর্ষার আগে আমাদের দোকানে কোন জিনিসের চাহিদা বাড়ে", "এই প্রবলেমে আমরা সাধারণত কী দেখি"। Google-এর কাজের, ভরসার কনটেন্ট বানানোর গাইডেও এই অভিজ্ঞতার কথাই বারবার বলা হয়েছে।
৫. পেজগুলো একটা আরেকটার সঙ্গে জুড়ুন
সার্ভিস পেজ থেকে প্রশ্নোত্তরের পেজে, ব্লগ থেকে সার্ভিস পেজে — ভেতরের লিংক দিয়ে পেজগুলো জুড়ে রাখুন। Google তাতে সহজে সব পেজ খুঁজে পায়, আর বোঝে কোন পেজ কী নিয়ে।
৬. সাইট যেন দেখতে-ব্যবহার করতে আরামের হয়
মোবাইলে তাড়াতাড়ি খোলা, পড়তে সুবিধা, পপ-আপে ঢাকা নয়। AI-এর লিংক থেকে কেউ এসে যদি একটা স্লো, এলোমেলো পেজ দেখেন, সঙ্গে সঙ্গে ফিরে যাবেন।
৭. ভালো ছবি আর ভিডিও
লেখার সঙ্গে আসল, পরিষ্কার ছবি দিন — দোকান, কাজ, মাল। প্রতিটা ছবির একটা ছোট ডিটেলস (alt text) লিখুন, যাতে Google বোঝে ছবিতে কী আছে।
৮. Google Business Profile আপডেট রাখুন
Google-এর AI ডকুমেন্টেশনেও Business Profile-এর ডিটেলস আপডেট রাখার কথা আলাদা করে বলা আছে। "কাছাকাছি কোথায় পাব" ধরনের প্রশ্নে ঠিকানা, সময়, ফোন আর রিভিউ সরাসরি কাজে আসে। প্রোফাইল কিভাবে সাজাবেন, ডিটেলসে লিখেছি গুগল বিজনেস প্রোফাইলের পুরো গাইডে।
কোন ধরনের লেখা AI-এর উত্তরে কাজে লাগে
AI কোনো ম্যাজিক নিয়মে লেখা বাছে না — তবে যে লেখা মানুষের কাজে লাগে, সাধারণত সেটাই কাজে লাগে। কয়েকটা ধাঁচ খেয়াল করুন:
- প্রশ্ন-উত্তর — "রবিবার কি খোলা থাকে?" — "হ্যাঁ, রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো।" সোজা প্রশ্ন, সোজা উত্তর।
- ধাপে ধাপে — কোনো কাজ কিভাবে করতে হয়, নম্বর দিয়ে সাজানো।
- তুলনা — দুটো অপশনের মধ্যে কোনটা কার জন্য ভালো, পাশাপাশি টেবিলে।
- স্পষ্ট ইনফো — কোন এলাকায় সার্ভিস দেন, কোন কোম্পানির মাল রাখেন, কোন কোর্স পড়ান — "আমরা সেরা" টাইপের ফাঁকা কথা নয়।
"শহরের সেরা", "অসাধারণ সার্ভিস" — এসব কথা থেকে AI কিছুই শিখতে পারে না। স্পষ্ট, চেক করা যায় এমন কথা লিখুন।
স্ট্রাকচার্ড ডেটা নিয়ে ঠিক ধারণা
স্ট্রাকচার্ড ডেটা (অনেকে schema markup বলেন) হল সাইটের ভেতরে লুকোনো একরকম লেবেল, যা Google-কে বলে দেয় — "এটা একটা ব্যবসা, এই তার ঠিকানা, এই সময়ে খোলা"।
Google-এর কথা অনুযায়ী:
- AI ফিচারে আসার জন্য স্পেশাল কোনো স্ট্রাকচার্ড ডেটা লাগে না।
- কিন্তু যদি দেন, সেটা যেন পেজে যা দেখা যাচ্ছে তার সঙ্গে হুবহু মেলে। পেজে এক ফোন নম্বর আর লুকোনো ডেটায় আরেক — এটা ক্ষতি করে।
সাধারণ সার্চে ব্যবসার ডিটেলস ঠিকঠাক দেখাতে স্ট্রাকচার্ড ডেটা কাজে আসে, তাই ভালো সাইটে এটা থাকা উচিত। কিন্তু "স্কিমা দিলেই AI-এ চলে আসবেন" — এই কথাটা ঠিক নয়।
ব্যবসা অনুযায়ী কোন প্রশ্নের উত্তর সাইটে রাখবেন
AI-কে লোকে যা জিজ্ঞেস করেন, আপনার কাস্টমার আপনাকে ফোনেও প্রায় সেটাই জিজ্ঞেস করেন। তাই সবচেয়ে সহজ উপায় — গত এক মাসে কাস্টমার কী কী জিজ্ঞেস করেছেন, লিখে ফেলুন, আর সাইটে তার উত্তর দিন। কয়েকটা এক্সাম্পল:
| ব্যবসা | কাস্টমারের কমন প্রশ্ন | সাইটে যা রাখবেন |
|---|---|---|
| ক্লিনিক | "বাচ্চাদের ডাক্তার কোন দিন বসেন?" | প্রতিটা ডাক্তারের নাম, কী দেখেন, কোন দিন কখন বসেন |
| কোচিং সেন্টার | "ক্লাস নাইনের অঙ্কের ব্যাচ কখন?" | ক্লাস অনুযায়ী সাবজেক্ট আর ব্যাচের সময় |
| হার্ডওয়্যারের দোকান | "অমুক কোম্পানির জলের ট্যাঙ্ক পাওয়া যায়?" | কোন কোন কোম্পানির মাল রাখেন, হোম ডেলিভারি আছে কিনা |
| রেস্টুরেন্ট | "বসে খাওয়ার জায়গা আছে? পার্টির অর্ডার নেন?" | বসার ব্যবস্থা, পার্টি বা বড় অর্ডারের নিয়ম |
| সার্ভিস (এসি, প্লাম্বিং) | "আমার এলাকায় আসেন?" | কোন কোন এলাকায় যান, ইমার্জেন্সিতে কী সার্ভিস |
খেয়াল করুন — প্রতিটা উত্তর স্পষ্ট। "আমরা সব রকম সার্ভিস দিই" লিখলে মানুষ বা AI কেউই কিছু বোঝে না।
AI-এর উত্তরে আপনার ব্যবসা নিয়ে ভুল ইনফো দেখালে
AI-এর উত্তর সব সময় নির্ভুল নয়। হয়তো দেখলেন, কোনো উত্তরে আপনার দোকানের পুরনো সময় বা ভুল ঠিকানা আসছে। তখন:
- আগে নিজের ডিটেলস মিলিয়ে দেখুন — ওয়েবসাইট, Google Business Profile, ফেসবুক পেজ, জাস্টডায়াল — কোথাও কি এখনও পুরনো ইনফো রয়ে গেছে? বেশিরভাগ সময় ভুলটা কোনো একটা পুরনো জায়গা থেকেই আসে।
- সব জায়গায় একই, ঠিক ইনফো রাখুন — নাম, ঠিকানা, ফোন, সময়।
- ওয়েবসাইটে ইনফোটা পরিষ্কার লেখায় দিন — "আমাদের নতুন ঠিকানা…", "রবিবার বন্ধ"।
- Google-কে জানান — AI Overview-এর নিচে মতামত (feedback) দেওয়ার অপশন থাকে। সেখানে ভুলটা জানাতে পারেন।
ইনফো ঠিক করার পর Google আর অন্য AI-এর কাছে নতুন ইনফো পৌঁছতে একটু সময় লাগে। ধৈর্য রাখুন, আর পুরনো ইনফো যেন কোথাও না থাকে, সেটা চেক করে নিন।
ChatGPT, Gemini আর অন্য AI-এর কথা
Google ছাড়াও এখন অনেকে ChatGPT বা Gemini-কে সরাসরি জিজ্ঞেস করেন: "হাওড়ায় ভালো কোচিং সেন্টার কোনগুলো?" এই অ্যাপগুলো কিভাবে উত্তর বাছে, সেটা প্রতিটা কোম্পানির নিজের ব্যাপার, আর সবটা খোলাখুলি জানা নেই।
তবে সাধারণ বুদ্ধিতে কয়েকটা জিনিস পরিষ্কার:
- যে ব্যবসার ডিটেলস অনলাইনে নানা জায়গায় একই রকম আর ঠিকঠাক — ওয়েবসাইট, Google Business Profile, চেনা ডিরেক্টরি — তাকে চিনে নেওয়া সহজ।
- যে ব্যবসা নিয়ে আসল কাস্টমারের রিভিউ আর আলোচনা আছে, তার কথা উঠে আসার চান্স বেশি।
- যে সাইটে স্পষ্ট, পরিষ্কার ইনফো আছে, সেখান থেকে উত্তর বানানো সহজ।
মানে Google-এর জন্য যা ভালো, অন্য AI-এর জন্যও মোটামুটি সেটাই ভালো। আলাদা কোনো শর্টকাট নেই।
রেজাল্ট মাপবেন কিভাবে
Google জানিয়েছে, AI Overview আর AI Mode থেকে আসা ভিজিটও Google Search Console-এর Performance রিপোর্টে "Web" সার্চের ভেতরে গোনা হয়। তাই:
- সাইটটা Google Search Console-এ অ্যাড করুন (ফ্রি)।
- মাসে একবার দেখুন — কোন পেজে ক্লিক বাড়ছে, কোন প্রশ্নে সাইট দেখাচ্ছে।
- সঙ্গে নিজের হিসেব রাখুন — কতজন নতুন কাস্টমার ফোন বা WhatsApp করলেন, কোথা থেকে খোঁজ পেলেন।
শেষমেশ আপনার হিসেব ক্লিক নয় — ফোন, মেসেজ আর দোকানে আসা মানুষ।
এক নজরে চেকলিস্ট
- সাইট Google-এ ইনডেক্স হয়েছে (Search Console-এ দেখে নিন)।
- কোনো সেটিং Google-কে আটকে রাখছে না।
- দরকারি ইনফো লেখায় আছে, শুধু ছবিতে নয়।
- কাস্টমারের কমন প্রশ্নের সোজা উত্তর সাইটে লেখা।
- নিজের অভিজ্ঞতা আর স্পষ্ট ইনফো আছে, ফাঁকা অ্যাডের কথা নয়।
- পেজগুলো ভেতরের লিংকে জোড়া।
- মোবাইলে তাড়াতাড়ি খোলে।
- ছবির alt text লেখা।
- স্ট্রাকচার্ড ডেটা (থাকলে) পেজের লেখার সঙ্গে মেলে।
- Google Business Profile পুরো আর আপডেট।
- প্রতিটা পেজে ফোন আর WhatsApp-এর সহজ রাস্তা।
শেষ কথা
গুগল এআই সার্চ দেখে ভয় পাওয়ার কিছু নেই, আবার কোনো ম্যাজিক টেকনিকের পিছনে ছোটারও দরকার নেই। Google নিজেই বলছে — ভালো, কাজের, ভরসার সাইটই AI-এর উত্তরে জায়গা পায়। আর এই কাজগুলো এমনিতেই আপনার কাস্টমারের সুবিধে করে।
আগে একটা ঠিকঠাক ওয়েবসাইট কেন লাগে, পড়ুন ব্যবসার জন্য ওয়েবসাইট কেন দরকার লেখায়। আর আপনার সাইট AI সার্চের জন্য রেডি কিনা জানতে চাইলে যোগাযোগ করুন — সাইটের লিংক WhatsApp-এ পাঠালে দেখে বলে দেব কোথায় কী ঠিক করতে হবে।
সাধারণ প্রশ্ন ও উত্তর
Google AI search-এ আসার জন্য কি আলাদা কিছু করতে হয়?
Google নিজেই বলছে, AI Overview বা AI Mode-এ আসার জন্য আলাদা কোনো শর্ত বা স্পেশাল কিছু করতে হয় না। পেজটা Google-এ ইনডেক্স হতে হবে, আর সাধারণ সার্চে দেখানোর মতো হতে হবে। বাকিটা সেই পুরনো ভালো SEO — কাজের, ভরসা করার মতো, মানুষের জন্য লেখা।
AI-এর জন্য কি llms.txt বা কোনো স্পেশাল ফাইল বানাতে হবে?
Google সার্চের AI-এর জন্য লাগে না। Google পরিষ্কার বলেছে, এর জন্য নতুন কোনো ফাইল, AI টেক্সট ফাইল বা স্পেশাল মার্কআপ লাগে না, কোনো বিশেষ স্কিমাও না। কেউ এসব সেল করতে এলে সাবধান।
AI Overview আসার পর কি সাইটে লোক আসা কমে যাবে?
কিছু সহজ প্রশ্নে লোকে হয়তো AI-এর উত্তর পড়েই থেমে যাবেন। কিন্তু দোকান, ডাক্তার, মিস্ত্রি খোঁজার মতো কাজে শেষে ফোন করতেই হয় বা আসতেই হয়। Google বলছে AI Overview থেকে যাঁরা ক্লিক করে আসেন, তাঁরা সাইটে বেশি সময় থাকেন। তাই সাইটে যোগাযোগের অপশন পরিষ্কার রাখাটা আরও জরুরি।
AI Overview থেকে কতজন এল, দেখব কিভাবে?
Google Search Console-এর Performance রিপোর্টে, Web সার্চের ভেতরেই AI থেকে আসা ক্লিকও গোনা হয়। আলাদা করে সব সময় দেখা যায় না, কিন্তু মোট ক্লিক আর কোন পেজে লোক আসছে — সেটা দেখলেই আন্দাজ পাওয়া যায়।
সর্বশেষ আপডেট: