গুগল সার্চ কনসোল: নিজের ওয়েবসাইটের হিসেব নিজেই দেখুন

আপনার ওয়েবসাইট Google-এ কোন কোন সার্চে দেখাচ্ছে, কতজন ক্লিক করছেন, আর কোন পেজ Google-এ উঠেইনি — জানতে চান? এর উত্তর দেয় গুগল সার্চ কনসোল (Google Search Console), Google-এর নিজের একটা ফ্রি টুল। একবার সেটআপ করে নিলে মাসে দশ মিনিট দেখলেই বুঝবেন সাইট কাজ করছে কিনা।
এই লেখায় প্রশ্ন ধরে ধরে এগোব — কী, কেন, কিভাবে চালু করবেন, আর কোন রিপোর্টে কী দেখবেন।
গুগল সার্চ কনসোল আসলে কী?
সোজা কথায়, এটা Google আর আপনার সাইটের মধ্যে একটা খাতা। Google আপনার সাইটকে কিভাবে দেখছে, এখানে লিখে রাখে।
কয়েকটা জিনিস এখানে পরিষ্কার দেখা যায়:
- কোন সার্চ শব্দে আপনার সাইট Google-এ দেখিয়েছে।
- কতবার দেখিয়েছে আর কতজন ক্লিক করেছেন।
- কোন পেজ Google-এ আছে, কোনটা নেই — আর কেন নেই।
- সাইটে এমন কোনো প্রবলেম আছে কিনা, যেটা Google ধরেছে।
Google নিজের হেল্প পেজে টুলটার ইন্ট্রো দিয়েছে — About Search Console।
একটা কথা মনে রাখুন — Search Console দেখে র্যাঙ্ক বাড়ে না। এটা থার্মোমিটারের মতো, জ্বর মাপে। ওষুধ হল ভালো লেখা, ঠিকঠাক ইনফো আর লোকাল SEO-র কাজ।
ব্যবসার মালিকের এটা কেন দেখা দরকার?
ধরুন, আপনি শ্যামবাজারে একটা চশমার দোকান চালান আর সাইটে "আই টেস্ট" নিয়ে একটা পেজ আছে। Search Console খুলে দেখলেন — লোকে "শ্যামবাজার চশমার দোকান" লিখে আপনাকে পাচ্ছেন, আবার "কন্টাক্ট লেন্স কোথায় পাব" লিখেও আসছেন, অথচ কন্টাক্ট লেন্স নিয়ে আপনার সাইটে প্রায় কিছুই লেখা নেই।
এটাই সোনার খবর। আপনি জানলেন কাস্টমার কী খুঁজছেন, আর পরের পেজটা কী নিয়ে লিখবেন।
এলাকার কাস্টমার কোন শব্দে খোঁজেন, তা নিয়ে আরও পড়ুন লোকাল কিওয়ার্ড খোঁজার লেখায়।
কিভাবে চালু করবেন? স্টেপ বাই স্টেপ
স্টেপ ১: Google অ্যাকাউন্ট দিয়ে ঢুকুন
ব্রাউজারে "Google Search Console" লিখে সার্চ করুন, Google-এর অফিসিয়াল পেজে ঢুকুন। ব্যবসার যে Google অ্যাকাউন্ট (জিমেইল) আপনি নিজে চালান, সেটা দিয়েই ঢুকুন — ডেভেলপারের অ্যাকাউন্ট দিয়ে নয়।
স্টেপ ২: প্রপার্টি যোগ করুন
"প্রপার্টি" মানে আপনার সাইট। দুটো অপশন দেখাবে:
| অপশন | কী ধরে | ভেরিফাই কিভাবে |
|---|---|---|
| Domain | পুরো ডোমেইন — www থাকুক বা না থাকুক, http হোক বা https | ডোমেইনের DNS-এ একটা TXT রেকর্ড বসিয়ে |
| URL prefix | শুধু ঠিক যে ঠিকানাটা লিখবেন (যেমন https://www.yoursite.in) | HTML ফাইল, HTML ট্যাগ, Google Analytics বা Tag Manager দিয়ে |
পারলে Domain প্রপার্টি নিন, ওতে কিছু বাদ পড়ে না। DNS-এ ঢোকা ঝামেলার মনে হলে URL prefix দিয়ে শুরু করাও ঠিক আছে।
স্টেপ ৩: ভেরিফাই করুন
Google জানতে চায় সাইটটা সত্যিই আপনার। Domain প্রপার্টিতে Google একটা লেখা (TXT রেকর্ড) দেবে — সেটা যেখান থেকে ডোমেইন কিনেছেন, সেখানে DNS সেটিংসে বসাতে হয়। বসানোর পর "Verify" চাপুন। DNS চেঞ্জ চালু হতে কখনও কিছুটা সময় লাগে, তাই সঙ্গে সঙ্গে না হলে একটু পরে আবার ট্রাই করুন।
ওয়ার্ডপ্রেস সাইট হলে অনেক SEO প্লাগইনে Google-এর দেওয়া HTML ট্যাগ বসানোর জায়গা থাকে। সেটা দিয়ে URL prefix ভেরিফাই করা সহজ।
ভেরিফাই হয়ে গেলে ওই DNS রেকর্ড বা ট্যাগ মুছবেন না — মুছলে ভেরিফিকেশন চলে যেতে পারে।
স্টেপ ৪: সাইটম্যাপ জমা দিন
সাইটম্যাপ হল আপনার সাইটের সব পেজের একটা লিস্ট, যেটা Google-কে পেজ খুঁজে পেতে হেল্প করে। ওয়ার্ডপ্রেস নিজেই একটা সাইটম্যাপ বানায় (সাধারণত /wp-sitemap.xml)। Yoast বা Rank Math-এর মতো SEO প্লাগইন থাকলে ঠিকানাটা প্রায়ই /sitemap_index.xml হয়।
Search Console-এ বাঁদিকের মেনু থেকে Sitemaps খুলুন, ঠিকানাটা লিখে Submit চাপুন। স্ট্যাটাসে "Success" দেখালে কাজ শেষ। এটা একবার করলেই হয়, নতুন পেজ লিখলে সাইটম্যাপ নিজেই আপডেট হয়ে যায়।
স্টেপ ৫: ডেভেলপারকে অ্যাক্সেস দিন, ওনারশিপ নয়
Settings → Users and permissions থেকে ডেভেলপার বা SEO-র লোককে যোগ করতে পারেন। মালিক (Owner) থাকুন আপনি নিজে। ওঁদের Full বা Restricted অ্যাক্সেস দিলেই কাজ চলে যায়।
কোন রিপোর্টে কী দেখবেন?
শুরুতে সব রিপোর্ট বোঝার দরকার নেই। এই তিনটে দেখলেই চলবে।
Performance: কে, কোন সার্চে, কতবার
এখানে চারটে সংখ্যা দেখায়:
- Total clicks — সার্চ থেকে কতজন সাইটে ক্লিক করে এসেছেন।
- Total impressions — সার্চ রেজাল্টে আপনার সাইট কতবার দেখানো হয়েছে।
- Average CTR — যতবার দেখানো হয়েছে, তার মধ্যে কত শতাংশ ক্লিক।
- Average position — রেজাল্টে গড়ে কত নম্বরে ছিলেন।
নিচে Queries ট্যাবে দেখবেন লোকে ঠিক কী লিখে সার্চ করেছেন। Pages ট্যাবে কোন পেজ বেশি লোক আনছে। Devices-এ মোবাইল আর কম্পিউটারের ভাগ — বেশিরভাগ লোকাল ব্যবসার ক্ষেত্রে মোবাইলই বেশি হয়।
একটা কাজের টিপ — যে সার্চে ইম্প্রেশন অনেক কিন্তু ক্লিক কম, সেই পেজের টাইটেল আর মেটা ডেসক্রিপশন (সার্চে টাইটেলের নিচের দুই লাইন) আরও পরিষ্কার করে লিখুন। লেখায় এলাকার নাম আর কাস্টমারের আসল প্রশ্নটা থাকলে ক্লিক বাড়ার চান্স থাকে। লোকে দেখছেন, কিন্তু ক্লিক করার কারণ পাচ্ছেন না।
Pages (Indexing): কোন পেজ Google-এ আছে
এখানে দুটো ভাগ — কতগুলো পেজ Google-এ আছে (indexed), আর কতগুলো নেই, কেন নেই। সব পেজ indexed হবে, এমন নয়; ট্যাগ পেজ বা ডুপ্লিকেট পেজ বাদ পড়াটা স্বাভাবিক। দেখবেন, আপনার দরকারি পেজগুলো — হোম, সার্ভিস, যোগাযোগ — আছে কিনা।
URL Inspection: একটা পেজের খবর
উপরের সার্চ বক্সে নিজের সাইটের যে কোনো পেজের পুরো লিংক দিন। জানিয়ে দেবে পেজটা Google-এ আছে কিনা, শেষ কবে Google দেখেছে, মোবাইলে ঠিক আছে কিনা।
নতুন পেজ লিখলেন বা পুরনো পেজ বড় করে চেঞ্জ করলেন? এখান থেকে Request indexing চাপতে পারেন। এটা Google-কে খবর দেয় মাত্র, তাড়াতাড়ি তোলার গ্যারান্টি নয়। টুলটা কিভাবে কাজ করে, Google লিখেছে এখানে — URL Inspection tool।
সাইট Google-এ একদমই না দেখালে কী কী কারণ হতে পারে, পড়ুন ওয়েবসাইট Google-এ না দেখানোর কারণ নিয়ে লেখায়।
ডেভেলপার হিসেবে আমার কথা: অনেক সাইটের মালিক Search Console-এর কথা শোনেনইনি, অথচ সাইট বানানো হয়ে গেছে বছর খানেক আগে। আমার মতে সাইট লাইভ হওয়ার দিনই এটা চালু করা উচিত, আর মালিকানা থাকা উচিত ব্যবসার মালিকের নিজের অ্যাকাউন্টে। পরে ডেভেলপার চেঞ্জ করলেও আপনার পুরনো সব হিসেব আপনার কাছেই থাকবে।
রিপোর্ট দেখে কী কাজ করবেন?
সংখ্যা দেখে লাভ নেই, যদি তার পরে কিছু চেঞ্জ না করেন। কয়েকটা সহজ এক্সাম্পল:
- কোনো সার্চ শব্দে ইম্প্রেশন আছে, কিন্তু সেই নিয়ে আলাদা পেজ নেই — ওই বিষয়ে একটা পেজ বা লেখা বানান।
- মোবাইলে পজিশন কম্পিউটারের চেয়ে অনেক খারাপ — মোবাইলে সাইট কেমন খোলে, কত তাড়াতাড়ি খোলে, চেক করুন।
- সার্ভিসের পেজ Google-এ নেই — URL Inspection দিয়ে কারণ দেখুন, দরকারে ডেভেলপারকে জানান।
- এলাকার নাম দিয়ে সার্চে আপনি নেই — সাইটে এলাকার নাম, ঠিকানা আর Google Business Profile-এর লিংক ঠিকঠাক আছে কিনা দেখুন।
মাসে একবার দশ মিনিট: চেকলিস্ট
- Performance খুলে গত ৩ মাসের সঙ্গে তার আগের ৩ মাস মিলিয়ে দেখুন — ক্লিক বাড়ছে না কমছে।
- Queries থেকে নতুন কোনো সার্চ শব্দ এসেছে কিনা দেখুন — নতুন লেখার আইডিয়া এখান থেকেই আসে।
- Pages (Indexing)-এ হঠাৎ অনেক পেজ বাদ পড়েছে কিনা দেখুন।
- Google ইমেলে কোনো প্রবলেমের খবর পাঠিয়েছে কিনা দেখুন — Search Console দরকারি ওয়ার্নিং ইমেলেও পাঠায়।
- নতুন পেজ লিখে থাকলে URL Inspection দিয়ে দেখে নিন Google পেয়েছে কিনা।
কয়েকটা ভুল, যেগুলো এড়িয়ে চলবেন
- ডেভেলপারের অ্যাকাউন্টে সব কিছু — পরে আপনি নিজের সাইটের হিসেবই দেখতে পাবেন না।
- প্রথম মাসেই হতাশ হওয়া — নতুন সাইটে প্রথম দিকে সংখ্যা কম থাকাটাই স্বাভাবিক।
- শুধু Average position দেখা — ক্লিক আর কাস্টমারের ফোন আসল হিসেব, পজিশন নয়।
- লোকাল লিস্টিং ভুলে যাওয়া — Search Console শুধু ওয়েবসাইট দেখে। জাস্টডায়াল, Google Business Profile-এর মতো জায়গায় ইনফো ঠিক রাখাও জরুরি — পড়ুন লোকাল বিজনেস লিস্টিং নিয়ে লেখায়।
শেষ কথা
গুগল সার্চ কনসোল চালু করতে একবার একটু বসতে হয়, তারপর এটা চুপচাপ আপনার সাইটের হিসেব রেখে চলে। কোন সার্চে লোক আসছেন, কোন পেজ Google-এ নেই — এই দুটো জানলেই অর্ধেক কাজ এগিয়ে যায়। লোকাল SEO-র পুরো ছবিটা পাবেন লোকাল এসইও গাইডে।
আপনার এলাকায় Google-এ এগিয়ে থাকতে চাইলে, বা Search Console সেটআপ করে রিপোর্ট বুঝিয়ে দেওয়ার দরকার হলে, সরাসরি যোগাযোগ করুন — সাইটের লিংক WhatsApp-এ পাঠালেই হবে।
সাধারণ প্রশ্ন ও উত্তর
Google Search Console কি ফ্রি?
হ্যাঁ, পুরোপুরি ফ্রি। শুধু একটা Google অ্যাকাউন্ট লাগে, আর প্রুফ দিতে হয় যে সাইটটা আপনার। কোনো প্ল্যান বা সাবস্ক্রিপশন নেই।
Search Console আর Google Analytics-এর মধ্যে তফাত কী?
Search Console দেখায় Google সার্চে আপনার সাইট কেমন করছে — কোন সার্চে দেখাচ্ছে, কতজন ক্লিক করছেন, কোন পেজ Google-এ আছে বা নেই। Analytics দেখায় সাইটে ঢোকার পরে লোকে কী করছেন — সব রাস্তা থেকে আসা ভিজিটর ধরে। দুটো আলাদা কাজের, দুটোই ফ্রি।
সাইট যোগ করার পর কতদিনে রিপোর্ট দেখাবে?
সাধারণত কয়েক দিনের মধ্যে ডেটা আসতে শুরু করে। নতুন সাইট হলে, বা সাইটে এখনও খুব কম লোক আসলে, প্রথম দিকে রিপোর্ট প্রায় ফাঁকা লাগতে পারে। ধৈর্য রাখুন, আর এর মধ্যে সাইটম্যাপ জমা দিয়ে রাখুন।
'Request indexing' বারবার চাপলে কি তাড়াতাড়ি Google-এ আসবে?
না। একটা পেজের জন্য একবার চাপাই যথেষ্ট। বারবার চাপলে কিছু এক্সট্রা লাভ হয় না। Google নিজের সময় মতো পেজ দেখে, আর পেজটা কাজের হলে তবেই রাখে।
Google Business Profile-এর হিসেব কি Search Console-এ দেখা যায়?
না। Business Profile-এর কল, রাস্তা দেখা বা প্রোফাইল ভিউয়ের হিসেব Business Profile-এর নিজের Performance সেকশনে দেখায়। Search Console শুধু আপনার ওয়েবসাইটের সার্চের হিসেব দেখায়।
সর্বশেষ আপডেট: