ওয়েবসাইট গুগলে দেখাচ্ছে না? কারণ আর সমাধান ধাপে ধাপে

ওয়েবসাইট গুগলে দেখাচ্ছে না (website not showing on Google) — এর পেছনে বেশিরভাগ সময় চারটে কারণের একটা থাকে: সাইট একদম নতুন, সাইটের সেটিং-এ Google-কে আটকে রাখা আছে, Google এখনও সাইটটা খুঁজেই পায়নি, অথবা সাইট Google-এ আছে কিন্তু আপনি যে কথা লিখে খুঁজছেন তাতে উপরে আসছে না। কোনটা আপনার প্রবলেম, সেটা পাঁচ মিনিটে চেক করা যায়। নিচে আগে সেই চেকটা, তারপর একে একে সলিউশন।
আগে পাঁচ মিনিটের চেক
মোবাইল বা কম্পিউটারে Google খুলে এগুলো একে একে করুন:
- লিখুন site:আপনারডোমেইন.com (যেমন site:example.in) — মাঝে কোনো স্পেস নয়।
- কিছুই না এলে — Google আপনার সাইটের একটা পেজও এখনও রাখেনি। নিচের কারণ ১ থেকে ৪ দেখুন।
- পেজ এলে — সাইট Google-এ আছে। এবার নিজের ব্যবসার নাম লিখে সার্চ করুন।
- নাম দিয়ে আসছে, কিন্তু "এলাকার নাম + আপনার কাজ" লিখলে আসছে না — তাহলে প্রবলেম র্যাঙ্কিং-এ। কারণ ৫ থেকে ৮ দেখুন।
এই একটা চেক থেকেই বোঝা যায় কোন দিকে কাজ করতে হবে। না বুঝে এলোমেলো জিনিস চেঞ্জ করলে অনেক সময় নষ্ট হয়।
ওয়েবসাইট গুগলে দেখাচ্ছে না: ৮টা কমন কারণ
কারণ ১: সাইট একদম নতুন
সাইট লাইভ হওয়ার পরদিনই Google-এ আসবে, এমন নয়। Google-এর প্রোগ্রাম (যাকে ক্রলার বলে) ইন্টারনেট ঘুরে ঘুরে নতুন পেজ খুঁজে বের করে। নতুন সাইটের কোনো লিংক কোথাও না থাকলে খুঁজে পেতে দেরি হয়।
কী করবেন: নিচে Search Console-এর ধাপগুলো করুন। আর Google Business Profile, ফেসবুক পেজ — যেখানে যেখানে আপনার ব্যবসা আছে, সাইটের লিংক দিয়ে দিন।
কারণ ২: সেটিং-এ Google-কে আটকে রাখা
এটা খুব কমন, বিশেষ করে WordPress সাইটে। সাইট বানানোর সময় ডেভেলপার অনেক সময় "Search engine visibility" অপশনে টিক দিয়ে রাখেন, যাতে অর্ধেক বানানো সাইট Google-এ না আসে। সাইট লাইভ হওয়ার পর সেটা তুলতে ভুলে গেলে Google-কে বলা থাকে — "এই সাইট দেখিও না।"
কী করবেন: WordPress-এ Settings → Reading-এ গিয়ে দেখুন "Discourage search engines from indexing this site" অপশনে টিক আছে কিনা। থাকলে তুলে দিন। অন্য প্ল্যাটফর্মে ডেভেলপারকে জিজ্ঞেস করুন পেজে "noindex" লেখা আছে কিনা।
কারণ ৩: robots.txt ফাইলে আটকানো
সাইটের একটা ছোট ফাইল থাকে — robots.txt — যেটা Google-কে বলে কোন পেজ দেখবে, কোনটা দেখবে না। ভুল করে সেখানে পুরো সাইট আটকে দেওয়া থাকলে Google ঢুকতেই পারে না।
কী করবেন: ব্রাউজারে আপনারডোমেইন.com/robots.txt খুলুন। সেখানে "Disallow: /" লেখা থাকলে ডেভেলপারকে দেখান।
কারণ ৪: Search Console-এ সাইট জোড়া হয়নি
Google Search Console হল Google-এর ফ্রি টুল, যেটা দিয়ে আপনি দেখতে পান Google আপনার সাইট কিভাবে দেখছে। এখানে সাইট না জুড়লে প্রবলেম থাকলেও আপনি জানতে পারবেন না।
কী করবেন: নিচের ধাপে ধাপে অংশটা দেখুন।
কারণ ৫: পাতায় লেখা খুব কম
অনেক ব্যবসার সাইটে হোম পেজে শুধু একটা বড় ছবি, দোকানের নাম আর একটা ফোন নম্বর। Google ছবি দেখে বুঝতে পারে না আপনি কী করেন, কোথায় করেন। লেখা না থাকলে কোন সার্চে দেখাবে, সেটাও বুঝতে পারে না।
কী করবেন: প্রতিটা সার্ভিসের জন্য সহজ কথায় কয়েক লাইন লিখুন। কী কাজ, কোন এলাকায়, কাদের জন্য। এলাকার নাম স্বাভাবিকভাবে লেখার মধ্যে রাখুন — যেমন "শ্যামবাজার আর বাগবাজারে বাড়ি গিয়ে এসি সার্ভিসিং"।
কারণ ৬: একই কাজে অনেক পুরনো সাইট এগিয়ে
আপনার এলাকায় একই কাজের আরও দশটা সাইট থাকলে, যাদের সাইট বহু বছরের পুরনো আর অনেক রিভিউ, তারা সাধারণত আগে আসে। এটা প্রবলেম নয়, এটা কম্পিটিশন। সময় আর ঠিকঠাক কাজ দুটোই লাগে।
কী করবেন: লোকাল SEO-র মূল কাজগুলো একে একে করুন। SEO জিনিসটা ঠিক কী, একদম গোড়া থেকে বুঝতে চাইলে SEO কী, সহজ কথায় লেখাটা আগে পড়ে নিন।
কারণ ৭: সাইট খুব ধীরে খোলে বা মাঝে মাঝে বন্ধ থাকে
সস্তা বা ভুল সেটআপের হোস্টিং-এ সাইট মাঝে মাঝে খোলেই না। Google এসে বারবার সাইট বন্ধ পেলে ঠিকমতো দেখতে পারে না। কাস্টমারও স্লো সাইট দেখে বেরিয়ে যান।
কী করবেন: দিনে কয়েকবার, মোবাইল ডেটায় সাইট খুলে দেখুন। বারবার আটকালে হোস্টিং নিয়ে ডেভেলপারের সঙ্গে কথা বলুন। হোস্টিং চেঞ্জ করতে হলে dronahost.com দেখতে পারেন — ওখানে ক্লাউড আর WordPress হোস্টিং আছে, আর পুরনো জায়গা থেকে সাইট সরিয়ে দেওয়াটা ফ্রি।
কারণ ৮: ডোমেইন বদলেছেন বা পুরনো সাইট মুছেছেন
পুরনো ডোমেইন থেকে নতুনে গেলে, ঠিকমতো রিডাইরেক্ট না করলে Google পুরনো ঠিকানায় গিয়ে খালি পেজ পায়। নতুন সাইটকে আবার শূন্য থেকে শুরু করতে হয়।
কী করবেন: পুরনো পেজগুলো নতুন ঠিকানায় রিডাইরেক্ট করা আছে কিনা ডেভেলপারকে দিয়ে চেক করিয়ে নিন।
Search Console দিয়ে ঠিক করুন: ধাপে ধাপে
এই কাজটা একবার করে রাখলে পরে যেকোনো প্রবলেম ধরা অনেক সহজ হয়।
- একটা Google অ্যাকাউন্টে লগইন করুন — ব্যবসার Gmail হলে ভালো।
- Search Console-এ সাইট অ্যাড করুন — "Add property"-তে আপনার ডোমেইন দিন।
- ওনারশিপ ভেরিফাই করুন — Google একটা কোড দেবে, সেটা ডোমেইনের সেটিং-এ বা সাইটে বসাতে হয়। এখানে আটকালে ডেভেলপারের সাহায্য নিন।
- সাইটম্যাপ সাবমিট করুন — বেশিরভাগ WordPress সাইটে সাইটম্যাপ নিজে থেকেই তৈরি থাকে। Sitemaps সেকশনে তার ঠিকানা দিন।
- URL Inspection চালান — উপরের বক্সে হোম পেজের ঠিকানা দিন। Google বলে দেবে পেজটা Google-এ আছে কিনা, আর না থাকলে কেন।
- Request Indexing টিপুন — পেজ ঠিক থাকলে একবার রিকোয়েস্ট পাঠান। Google-এর রিক্রল করতে বলার গাইডে এটা বলা আছে — রিকোয়েস্ট দিলেও কবে আসবে তার কোনো গ্যারান্টি নেই।
- Pages রিপোর্ট দেখুন — কোন পেজ Google-এ নেই আর কেন, সেটা এখানে লেখা থাকে।
Search Console কী কী দেখায়, তার পুরো ব্যাখ্যা Google-এর About Search Console পেজে পাবেন।
ডেভেলপার হিসেবে আমার কথা: "সাইট Google-এ আসছে না" — এই কমপ্লেন নিয়ে যত সাইট দেখেছি, তার একটা বড় অংশে আসল কারণ একটা ভুলে যাওয়া টিক বা একটা noindex লাইন। তাই কাউকে দোষ দেওয়ার আগে বা নতুন করে সাইট বানানোর আগে, আগে সেটিংগুলো চেক করে নিন। অনেক সময় দশ মিনিটের কাজ।
আগে আসত, হঠাৎ উধাও হয়ে গেল?
এটা নতুন সাইটের প্রবলেম থেকে আলাদা। এমন হলে এগুলো একে একে দেখুন:
- সাইট খুলছে তো? ডোমেইন বা হোস্টিং এক্সপায়ার হয়ে গেলে সাইট বন্ধ হয়ে যায়। রিনিউ-এর ইমেল অনেক সময় স্প্যামে পড়ে থাকে।
- রিসেন্টলি কিছু চেঞ্জ করেছেন? নতুন থিম, নতুন প্লাগইন বা নতুন ডিজাইনের পর অনেক সময় noindex বা robots.txt-এর সেটিং চেঞ্জ হয়ে যায়।
- Search Console-এ "Manual actions" দেখুন — Google কোনো নিয়ম ভাঙার জন্য সাইটের উপর অ্যাকশন নিলে এখানে লেখা থাকে। বেশিরভাগ সাইটে এখানে কিছুই থাকে না, কিন্তু একবার দেখে নেওয়া ভালো।
- সাইট হ্যাক হয়নি তো? অচেনা ভাষায় পেজ বা অদ্ভুত লিংক দেখলে সঙ্গে সঙ্গে ডেভেলপারকে জানান। Search Console-এর "Security issues" সেকশনেও এটা দেখা যায়।
সাইট আসছে, কিন্তু ম্যাপে দোকান আসছে না?
এটা আলাদা ব্যাপার। "কাছাকাছি" সার্চে ম্যাপে যে দোকানগুলো আসে, সেগুলো আসে Google Business Profile থেকে — সাইট থেকে নয়। সাইট আর প্রোফাইল দুটো আলাদা জিনিস, কিন্তু একে অপরকে জোর দেয়।
তাই সাইট ঠিক করার সঙ্গে সঙ্গে প্রোফাইলও ঠিকঠাক রাখুন। এলাকার সার্চে কিভাবে এগিয়ে থাকবেন, তার পুরো ছবি পাবেন লোকাল SEO-র পুরো গাইডে।
যা করবেন না
- একই কথা বারবার ঠুসে দেবেন না — "কলকাতা বেস্ট প্লাম্বার কলকাতা প্লাম্বার" লিখলে উল্টো ক্ষতি হয়।
- লিংক কিনবেন না — "হাজার লিংক দিয়ে দেব" বলা অফারে Google-এর নিয়ম ভাঙে।
- অন্যের লেখা কপি করবেন না — নিজের কথা, নিজের মতো করে লিখুন।
- রোজ সাইট চেঞ্জ করবেন না — একটা কাজ করে কয়েক সপ্তাহ সময় দিন, তারপর দেখুন কী হল।
শেষ কথা
ওয়েবসাইট গুগলে দেখাচ্ছে না মানেই সাইট খারাপ, এমন নয়। বেশিরভাগ সময় কারণটা ছোট — একটা সেটিং, Search Console-এ না জোড়া, বা লেখা কম। আগে site: দিয়ে চেক করুন, তারপর ঠিক জায়গায় কাজ করুন।
নিজে চেক করে বুঝতে না পারলে আমাকে সাইটের লিংকটা পাঠান — দেখে বলে দেব কোথায় আটকাচ্ছে। আমি কী কী কাজ করি সার্ভিস পেজে দেখুন, আর আপনার এলাকায় Google-এ এগিয়ে থাকতে চাইলে সরাসরি যোগাযোগ করুন — WhatsApp-এ কথা বলুন।
সাধারণ প্রশ্ন ও উত্তর
নতুন website Google-এ দেখাচ্ছে না — আসতে কতদিন লাগে?
কোনো বাঁধা সময় নেই। অনেক সাইট কয়েক দিনে আসে, কোনোটার কয়েক সপ্তাহ লাগে। Search Console-এ সাইট জুড়ে সাইটম্যাপ দিলে Google তাড়াতাড়ি খুঁজে পায়, তবে কবে দেখাবে সেটা Google-ই ঠিক করে।
নিজের নাম দিয়ে সার্চ করলে আসছে, কিন্তু 'কাছাকাছি দোকান' লিখলে আসছে না কেন?
তার মানে সাইট Google-এ আছে, কিন্তু সাধারণ সার্চে এখনও অন্যদের থেকে পিছিয়ে। এখানে লোকাল SEO-র কাজ লাগে — সাইটে এলাকার নাম আর সার্ভিসের পরিষ্কার লেখা, Google Business Profile ঠিকঠাক রাখা, আর রিভিউ।
টাকা দিলে কি Google তাড়াতাড়ি সাইট দেখায়?
না। Google-এর সাধারণ সার্চ রেজাল্টে জায়গা কেনা যায় না। অ্যাড (Google Ads) আলাদা জিনিস — ওটা 'Sponsored' লেখা হয়ে আসে। কেউ যদি পয়সা নিয়ে 'গ্যারান্টি দিয়ে প্রথম পেজ' বলে, সাবধান থাকুন।
Request Indexing বারবার টিপলে কি তাড়াতাড়ি হয়?
না। একবার রিকোয়েস্ট পাঠালেই যথেষ্ট। বারবার টিপলে কোনো লাভ নেই। পেজে আসল প্রবলেম থাকলে, সেটা ঠিক না করা পর্যন্ত রিকোয়েস্টে কাজ হবে না।
সর্বশেষ আপডেট: