গুগল বিজনেস প্রোফাইল ভেরিফিকেশন: ভিডিও, ফোন আর কমন সমস্যা

গুগল বিজনেস প্রোফাইল ভেরিফিকেশন (Google Business Profile verification) মানে Google-কে প্রুফ দেওয়া যে ব্যবসাটা আসল, আর আপনিই সেটা চালান। এখন বেশিরভাগ ব্যবসার কাছে Google একটা ছোট ভিডিও চায়; কারও কাছে ফোন বা SMS কোড, ইমেল, লাইভ ভিডিও কল বা পোস্টকার্ড — কোনটা আসবে, সেটা Google নিজে ঠিক করে। আটকে যাওয়ার সবচেয়ে বড় কারণ হল ভিডিওতে দোকানের লোকেশন আর মালিকানা পরিষ্কার না দেখানো।
নিচে আগে একটা টেবিল দিলাম — আপনার প্রবলেমটা কোন ঘরে পড়ে, সেটা মিলিয়ে নিন। তারপর প্রতিটা উপায় আর প্রবলেমের সলিউশন।
আপনি এখন কোন অবস্থায়?
| আপনার অবস্থা | কোথায় পড়বেন |
|---|---|
| প্রোফাইলই খোলা হয়নি | নিচে "শুরুর আগে" অংশ |
| "Get verified" বাটন দেখাচ্ছে, কী করব বুঝছি না | "ভেরিফিকেশনের উপায়গুলো" |
| ভিডিও পাঠিয়েছি, রিজেক্ট হয়েছে | "ভিডিও রিজেক্ট হলে কী করবেন" |
| পাঁচ দিনের বেশি হয়ে গেছে, কোনো খবর নেই | "কমন প্রবলেম" |
| কেউ ফোন করে কোড চাইছে | FAQ-এর শেষ দিকে — আগে ওটা পড়ুন |
শুরুর আগে: তিনটে জিনিস ঠিক রাখুন
ভেরিফিকেশন শুরু করার আগে প্রোফাইলের এই তিনটে জিনিস ঠিক করে নিন। পরে চেঞ্জ করলে পুরো ভেরিফিকেশন আটকে যেতে পারে।
- ব্যবসার নাম — সাইনবোর্ডে যা লেখা, ঠিক তাই। নামের সঙ্গে "বেস্ট", "সস্তা" বা এলাকার নাম জুড়ে দেবেন না। Google-এর ব্যবসার তথ্যের গাইডলাইনে এটা পরিষ্কার বলা আছে।
- ঠিকানা — পুরো, ঠিকঠাক, ল্যান্ডমার্ক সহ। দোকান না থাকলে সার্ভিস-এরিয়া বেছে নিন।
- ক্যাটাগরি — আপনার আসল কাজের সঙ্গে মেলে এমন।
প্রোফাইল এখনও খোলা না থাকলে আগে Google Maps-এ ব্যবসা যোগ করার ধাপগুলো দেখে নিন।
গুগল বিজনেস প্রোফাইল ভেরিফিকেশনের উপায়গুলো
Google-এর ভেরিফিকেশন হেল্প পেজ অনুযায়ী উপায়গুলো আপনার ব্যবসার ধরন, এলাকা, খোলার সময় আর পাবলিক তথ্যের উপর নির্ভর করে, আর নিজে চেঞ্জ করা যায় না। কখনও একটার বেশি উপায়ে ভেরিফাই করতে হতে পারে।
১. ভিডিও রেকর্ডিং (এখন সবচেয়ে কমন)
প্রোফাইলে "Get verified" চাপলে ভিডিও অপশন এলে, Google নিজেই সেটা নিতে বলে। আপনাকে মোবাইলে একটা টানা ভিডিও তুলে আপলোড করতে হবে।
ভিডিওতে তিনটে জিনিস দেখাতেই হবে:
- লোকেশন: দোকানের বাইরের সাইনবোর্ড, পাশের দোকান বা রাস্তার কোনো চিহ্ন — যাতে বোঝা যায় দোকানটা ঠিক ওই জায়গায়।
- ব্যবসা: ভেতরের মাল, যন্ত্রপাতি, ব্র্যান্ডের জিনিস, যা দিয়ে কাস্টমারকে সার্ভিস দেন।
- মালিকানা: এমন কিছু যা শুধু মালিক বা স্টাফ পারেন — চাবি দিয়ে শাটার খোলা, ক্যাশ কাউন্টার, স্টোর রুম বা স্টাফদের জায়গা।
ভিডিও তোলার টিপস:
- দিনের আলোয় তুলুন। রাতে বা অন্ধকারে সাইনবোর্ড পড়া যায় না।
- রাস্তা থেকে শুরু করে হেঁটে দোকানের ভেতরে ঢুকুন — কাট না করে, একটানা।
- সাইনবোর্ডের নাম যেন প্রোফাইলের নামের সঙ্গে মেলে।
- আস্তে আস্তে ক্যামেরা ঘোরান। তাড়াহুড়ো করলে ঝাপসা হয়ে যায়।
- আলাদা করে মুখ দেখানো বা কথা বলার দরকার নেই; জিনিসগুলো পরিষ্কার দেখানোই আসল।
- কোনো এডিট, মিউজিক বা ফিল্টার দেবেন না।
২. ফোন বা SMS
আপনার ব্যবসার ফোন নম্বরে একটা কল বা মেসেজে কোড আসে, সেটা প্রোফাইলে বসাতে হয়। খেয়াল রাখুন — নম্বরটা যেন আপনার হাতের কাছে থাকে। Google-এর হেল্প পেজ অনুযায়ী IVR সিস্টেম ("এক চাপুন, দুই চাপুন") কোড পায় না। অফিসের নম্বরে এমন সিস্টেম থাকলে মোবাইল নম্বর ব্যবহার করুন।
৩. ইমেল
স্ক্রিনে যে ইমেল ঠিকানা দেখাচ্ছে, সেটা আপনি খুলতে পারেন কিনা আগে দেখে নিন। তারপর ইমেলের স্টেপ মেনে চলুন।
৪. লাইভ ভিডিও কল
সব ব্যবসার জন্য এটা আসে না। এলে, ব্যবসার খোলার সময়ের মধ্যেই কল করা যায়। Google-এর সাপোর্ট টিমের একজন ভিডিও কলে আপনাকে লোকেশন আর মালিকানা দেখাতে বলবেন — ভিডিও রেকর্ডিংয়ের মতোই তিনটে জিনিস। কলের আগে দোকানে থাকুন, আর ফোনে চার্জ ও নেট আছে কিনা দেখে নিন।
৫. পোস্টকার্ড
এখন অনেক কম ব্যবসার কাছে এই অপশন আসে। এলে Google আপনার ঠিকানায় একটা কোড পাঠায়, সাধারণত কয়েক সপ্তাহের মধ্যে আসে। কোড আসা পর্যন্ত নাম, ঠিকানা বা ক্যাটাগরি চেঞ্জ করবেন না, আর বারবার নতুন কোড চাইবেন না — নতুন কোড চাইলে আগেরটা আর কাজ করে না।
ব্যবসা অনুযায়ী ভিডিওতে কী দেখাবেন
তিনটে নিয়ম সবার জন্য এক, কিন্তু কী দেখাবেন সেটা ব্যবসা অনুযায়ী চেঞ্জ হয়। কয়েকটা এক্সাম্পল:
- দোকান (মুদি, ওষুধ, কাপড়): মোড় থেকে দোকানের দিকে হেঁটে আসুন, সাইনবোর্ড, তারপর ভেতরের তাক আর মাল, শেষে ক্যাশ কাউন্টার বা চাবি দিয়ে শাটার খোলা।
- ডাক্তারের চেম্বার বা ক্লিনিক: বিল্ডিংয়ের বাইরের বোর্ড, চেম্বারের দরজায় নাম, ভেতরে রিসেপশন আর ডাক্তারি যন্ত্রপাতি। রোগীর কোনো কাগজ বা মুখ ভিডিওতে যেন না আসে।
- রেস্টুরেন্ট বা মিষ্টির দোকান: বাইরের বোর্ড, বসার জায়গা, শোকেস, আর রান্নাঘর বা স্টাফদের জায়গা।
- সার্ভিস-এরিয়া ব্যবসা (প্লাম্বার, এসি মেকানিক, টিউটর): ধরুন আপনি বাড়ি থেকে কাজ করেন। তাহলে কাছের রাস্তা বা পাড়ার কোনো চেনা জায়গা, আপনার কাজের যন্ত্রপাতি, ব্র্যান্ডের নাম লেখা গাড়ি বা ব্যাগ, আর কাজের কোনো কাগজ (নিজের সেনসিটিভ ইনফো ঢেকে) দেখাতে পারেন।
- অফিস (CA, ইনস্যুরেন্স, ট্রাভেল এজেন্ট): বিল্ডিংয়ের নাম, অফিসের দরজার বোর্ড, ভেতরে ডেস্ক আর চাবি দিয়ে দরজা খোলা।
কোনো ব্যাংকের কাগজ, আধার, PAN বা কাস্টমারের ডিটেলস ভিডিওতে দেখাবেন না। মালিকানা বোঝাতে চাবি, কাউন্টার আর স্টাফদের জায়গাই যথেষ্ট।
ডেভেলপার হিসেবে আমার কথা: ভিডিও ভেরিফিকেশনে বেশিরভাগ লোক আটকান একটা কারণেই — ভিডিওতে দোকানটা কোথায়, সেটা বোঝা যায় না। শুধু কাউন্টার আর মাল দেখালে হবে না। রাস্তার মোড় বা পাশের দোকানের বোর্ড দিয়ে শুরু করুন, তারপর নিজের সাইনবোর্ড, তারপর ভেতরে। একবার পরিষ্কার ভিডিও তুললে বারবার ঝামেলা করতে হয় না।
ভিডিও রিজেক্ট হলে কী করবেন
ভিডিও না মানলে প্রোফাইলে "Review issues" বা ওই রকম একটা নোটিফিকেশন আসে। ঘাবড়াবেন না।
- নোটিফিকেশনটা খুলুন, কী প্রবলেম বলছে মন দিয়ে পড়ুন।
- সাধারণত কারণ হয় — লোকেশন বোঝা যাচ্ছে না, সাইনবোর্ডের নাম মিলছে না, বা ওনারশিপের প্রুফ নেই।
- সেটা মাথায় রেখে আবার নতুন করে ভিডিও তুলুন।
- প্রোফাইলের নাম আর সাইনবোর্ডের নাম না মিললে, আগে যেটা আসল সেটা ঠিক করুন।
- বারবার আটকালে, অন্য কোনো উপায় দেখাচ্ছে কিনা দেখুন — দেখালে সেটা চেষ্টা করুন।
সাধারণ সমস্যা আর সমাধান
| প্রবলেম | কী করবেন |
|---|---|
| পাঁচ কাজের দিন পেরিয়ে গেছে | Google বলে কখনও কখনও বেশি সময় লাগে। একটু অপেক্ষা করুন, এর মধ্যে প্রোফাইলে বড় চেঞ্জ করবেন না |
| "Get verified" বাটন আবার ফিরে এসেছে | মানে ভেরিফিকেশন পুরো হয়নি। আবার চেষ্টা করুন, অন্য উপায় থাকলে সেটা নিন |
| ফোনে কোড আসছে না | নম্বর ঠিক আছে কিনা, IVR আছে কিনা দেখুন; SMS অপশন থাকলে সেটা চেষ্টা করুন |
| প্রোফাইল অন্য কেউ আগে থেকে ক্লেম করে রেখেছে | প্রোফাইল থেকে ওনারশিপের জন্য রিকোয়েস্ট পাঠানোর অপশন থাকে; সেটা ব্যবহার করুন |
| অনেক চেষ্টাতেও হচ্ছে না | Google Business Profile-এর হেল্প পেজ থেকে সাপোর্টে যোগাযোগ করুন |
একটা জিনিস মনে রাখুন — কোনো "এজেন্সি" যদি বলে "Google-এ চেনা লোক আছে, এক দিনে ভেরিফাই করে দেব", সাবধান থাকুন। ভেরিফিকেশন Google নিজে করে, আর সেটা আপনার আসল দোকান আর আসল ইনফোর উপর নির্ভর করে।
ভেরিফিকেশনের দিনের চেকলিস্ট
- প্রোফাইলের নাম আর সাইনবোর্ডের নাম হুবহু এক
- ঠিকানা আর ম্যাপের পিন ঠিক জায়গায়
- ক্যাটাগরি ঠিক
- দিনের আলো, ফোনে চার্জ আর ভালো নেট
- ভিডিওর জন্য প্ল্যান: রাস্তা → সাইনবোর্ড → ভেতর → চাবি বা কাউন্টার
- দোকানের চাবি হাতের কাছে
- ফোন বা ইমেলে কোড এলে কাউকে দেবেন না
ভেরিফাই হয়ে গেলে কী করবেন
ভেরিফাই হলে Google একটা কনফার্মেশন ইমেল পাঠায়। তারপর আসল কাজ শুরু:
- প্রোফাইলের বাকি সব ডিটেলস ভরুন — সময়, সার্ভিস, ছবি, ডিটেলস লেখা।
- ওয়েবসাইটের লিংক দিন।
- খুশি কাস্টমারদের থেকে রিভিউ চাওয়া শুরু করুন — কিভাবে, সেটা লিখেছি Google রিভিউ বাড়ানোর লেখায়।
- কেউ প্রোফাইল সামলাতে সাহায্য করলে, তাঁকে "ম্যানেজার" হিসেবে যোগ করুন — নিজের লগইন দেবেন না।
পুরো প্রোফাইল সেটআপ, ক্যাটাগরি থেকে পোস্ট পর্যন্ত, একসঙ্গে পাবেন Google Business Profile-এর পুরো গাইডে।
শেষ কথা
গুগল বিজনেস প্রোফাইল ভেরিফিকেশন শুনতে ঝামেলার, কিন্তু আসলে Google শুধু জানতে চায় — দোকানটা সত্যি আছে, আর আপনিই চালান। সেটা পরিষ্কার দেখাতে পারলেই কাজ হয়ে যায়।
প্রোফাইল সেটআপ বা ঠিক করতে সাহায্য চাইলে WhatsApp করুন। যোগাযোগের পাতা এখানে।
সাধারণ প্রশ্ন ও উত্তর
ভেরিফিকেশনের কোন উপায়টা নেব, নিজে বাছতে পারি?
না। কোন কোন উপায় আপনার প্রোফাইলে আসবে, সেটা Google নিজে ঠিক করে — ব্যবসার ধরন, এলাকা, খোলার সময় আর পাবলিক ইনফো দেখে। আপনার কাছে যে অপশনগুলো দেখাচ্ছে, তার মধ্যে থেকেই বাছতে হবে। ভিডিও অপশন থাকলে Google নিজেই সেটা নিতে বলে।
Google Business Profile verification হতে কতদিন লাগে?
ভিডিও বা অন্য স্টেপ শেষ করার পরে Google ডিটেলস রিভিউ করে। Google-এর হেল্প পেজ অনুযায়ী এতে পাঁচ কাজের দিন পর্যন্ত লাগতে পারে, কখনও কখনও তার বেশিও। এই সময়ে বারবার নাম, ঠিকানা বা ক্যাটাগরি চেঞ্জ করবেন না।
দোকান নেই, বাড়ি থেকে কাজ করি — ভেরিফাই হবে?
হ্যাঁ, সার্ভিস-এরিয়া ব্যবসা হিসেবে করা যায়। যেমন প্লাম্বার, টিউটর বা হোম ডেলিভারির ব্যবসা। সেক্ষেত্রে বাড়ির ঠিকানা পাবলিকলি না দেখিয়ে শুধু কোন কোন এলাকায় সার্ভিস দেন সেটা দেখানো যায়। ভিডিওতে আপনার গাড়ি, কাজের টুলস বা ব্র্যান্ডের জিনিস দেখিয়ে বোঝাতে হবে যে ব্যবসাটা আসল।
কেউ ফোন করে ভেরিফিকেশন কোড চাইছে, দেব?
একদম না। Google নিজেই বলে, ওরা কখনও আপনার ভেরিফিকেশন কোড চায় না, আর কোডটা কাউকে দেওয়া উচিত নয় — এমনকি যিনি প্রোফাইল সামলান তাঁকেও না। Google-এর নাম করে ফোন করে কোড বা টাকা চাইলে বুঝবেন ওটা ফ্রড।
ভেরিফাই না হলে কি প্রোফাইল Google-এ দেখাবে না?
ভেরিফাই না হলে আপনি প্রোফাইলের ওনারশিপ পান না — ডিটেলস এডিট করা, রিভিউর উত্তর দেওয়ার মতো কাজগুলো ঠিকমতো করতে পারবেন না। তাই প্রোফাইল খোলার পরে ভেরিফিকেশন শেষ করাটাই প্রথম কাজ।
সর্বশেষ আপডেট: